শাহিন আলম আশিক, বিশেষ প্রতিনিধি। ২৭ এপ্রিল, ২০২৬
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে এক কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে (SR) বর্বরোচিতভাবে পিটিয়ে ৩ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ৮নং বোয়ালী ইউপি সদস্য মো. সোহেল মেম্বারের সরাসরি নির্দেশনায় এই হামলা চালানো হয় বলে থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করতে পারলেও ঘটনার দুই দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
ঘটনাপ্রবাহ:
গত ২৫ এপ্রিল রাতে ‘মেসার্স সবুর এন্ড ব্রাদার্স’-এর এসআর লিজন মিয়া কালেকশনের ৩ লক্ষ টাকা নিয়ে ফেরার পথে খামার বোয়ালী মাঝিপাড়া এলাকায় হামলার শিকার হন। সোহেল মেম্বারের উপস্থিতিতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং টাকা ভর্তি ব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। লিজন বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের বক্তব্য ও রহস্যজনক ভূমিকা:
গাইবান্ধা সদর থানার পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করার কথা স্বীকার করলেও আসামিদের গ্রেফতারে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। বরং ওসি বিষয়টি তদন্তাধীন জানিয়ে ঘরোয়াভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন। প্রশাসনের এমন নমনীয় ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ ও রহস্যের দানা বেঁধেছে।
অভিযুক্তের দাবি:
ঘটনার বিষয়ে ইউপি সদস্য সোহেল মেম্বার মারধরের সত্যতা স্বীকার করে জানান, “লিজন মোটরসাইকেলে যাওয়ার সময় আলম তাকে আটকিয়ে মারধর করেছে বলে আমি স্থানীয়দের কাছে জেনেছি। তবে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।”
নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী:
হাসপাতালে চিকিৎসাধীন লিজন মিয়ার অভিযোগ, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। জনপ্রতিনিধির প্রভাবে বিচারহীনতার এই সংস্কৃতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।