আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি, দাঙ্গাপ্রবণতা, যানজট ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই২০২৬ইং) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সরাইল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় ইউএনও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
আলোচনায় বক্তারা বলেন, অনলাইন জুয়ার বিস্তার, চুরি-ডাকাতি, যানজট, বিদ্যুতের লোডশেডিং ও জননিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা ছাত্র প্রতিনিধি আলিফ মাহম্মদ নাহিদ বলেন, খেলাধুলার পর্যাপ্ত সুযোগের অভাবে অনেক তরুণ মাদক ও অপরাধের ঝুঁকিতে পড়ছে। তিনি সরাইল অন্নদা ঐতিহাসিক খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সরাইল থানার সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবস উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে।