জসিম উদ্দিন ইমন টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসকে কেন্দ্র করে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে অতিরিক্ত অর্থ আদায়ের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হ্নীলার বাসিন্দা কালা আবসার নিজেকে ভূমি অফিসের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে নামজারি, খাজনা, ভূমি সংক্রান্ত কাগজপত্র সহ বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করছেন। অভিযোগকারীদের দাবি, তিনি ভূমি অফিসে নিয়মিত যাতায়াত করেন এবং তহসিলদার আক্তারুল ইসলাম সেলিমের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি ছাড়াও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা দিতে অপারগ হলে আবেদন ঝুলিয়ে রাখা, দেরি করা কিংবা নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন একাধিক সেবাগ্রহীতা।
স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, ভূমি অফিসে দালালদের অবাধ বিচরণ বন্ধ না হলে সরকারের জনবান্ধব সেবা কার্যক্রম ব্যাহত হবে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয় সম্পর্কে কালো আবচার এর কাছ থেকে জানতে চাইলে জানান আমি দীর্ঘদিন যাবত হ্নীলা ভূমি অফিসে কাজ করি।
এ বিষয়ে হ্নীলার তহসিলদার আক্তারুল ইসলাম সেলিম বক্তব্যে বলেন, অভিযুক্ত কালা আবসার আমার অফিসের কেউ নই মাঝে মধ্যে আমাদের সাথে ফিল্ডে তদন্তে নিয়ে যায় এবং আমার ফাইল নিয়ে টেকনাফ ভূমি অফিসে যায়।