আলমগীর আকাশ
টেকনাফ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে কৃষকদের উন্নয়ন ও সহায়তায় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৪ এপ্রিল, মঙ্গলবার টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-০৪ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর এবং ‘কৃষক কার্ড’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং কৃষিখাতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশার সঞ্চার করেছে।