এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।
সোমবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করতে সক্ষম হয়। এসব চশমার মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
দুই অভিযানে মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।
এছাড়া চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ প্রায় ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে।