মোঃ রিয়াজ রহমান
শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর থানায় যোগদানের মাত্র চার দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) হঠাৎ করেই তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে এই আকস্মিক প্রত্যাহারের ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে এবং নানা আলোচনা শুরু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, মো. আমির হোসেন সেরনিয়াবাত দীর্ঘদিন শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পরিচিত কর্মকর্তার হঠাৎ প্রত্যাহার জনমনে নতুন প্রশ্নের সৃষ্টি করেছে।