এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার
কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং যুক্তি ও তথ্যের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর পবিত্র রমজান উপলক্ষে এলাকার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শিশু ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়, যা তাদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ, World Vision Bangladesh & BNKS, IWR,Child Safety net এর স্থানীয় ও উপজেলা প্রতিনিধি বৃন্দ, গর্জনিয়া কৃষি ক্লাব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক এবং এলাকার তরুণরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টিফিনের টাকা জমিয়ে শিশু ও যুবকদের এই মহৎ উদ্যোগ স্থানীয় জনমানুষের কাছে নতুন এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
গর্জনিয়া ইউনিয়ন শিশু ও যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।