ফেনী প্রতিনিধি: ফেনী শহরের মডেল থানাধীন মাস্টারপাড়া এলাকায় এক নারীকে অশালীন মন্তব্য ও যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৯টা ৪১ মিনিটের দিকে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক ভুক্তভোগী নারীকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় ডাক দেয়। এসময় ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি আরও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে সে তার লুঙ্গি তুলে অশোভন আচরণ করে এবং যৌন হয়রানি করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২২ এপ্রিল ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৭/২১৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা ভুক্তভোগীর ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রুবেল খান (৩০), যিনি ‘হাত কাটা রুবেল’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফেনী পৌরসভার পূর্ব উকিল পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই।