অপরাধ জগত রিপোর্ট :
ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকান্ডের তীব্র সতর্কবার্তা জানিয়েছেন ঢাকা রেঞ্জ মিডিয়া সেল।
*বিশেষ সতর্কবার্তা*
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সকলকে স্পষ্টভাবে অবগত করা যাচ্ছে যে, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়ন করা হয় না। থানার অফিসার-ইন-চার্জ পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের উপর ন্যস্ত। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতা বিবেচনার ভিত্তিতেই এ ধরনের পদায়ন সম্পন্ন হয়ে থাকে।
অতএব, ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া বা এ ধরনের কোনো প্রলোভন দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড যা ফৌজদারি অপরাধ। এ ধরণের অপরাধমূলক কর্মকান্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করারই অপচেষ্টা।
ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুসরণ করে। এ প্রতারণার সাথে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হওয়ামাত্রই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে,
যদি কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের প্রতারণামূলক প্রস্তাব দেয় বা এ ধরনের তথ্য জানা যায়, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
*বিশেষ দ্রষ্টব্য: আবারো সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোন থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করা হয় না, এ পদায়নের এখতিয়ার শুধুমাত্র সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের।*
মিডিয়া সেল, ঢাকা রেঞ্জ
বাংলাদেশ পুলিশ