ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক।
শনিবার দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দিন বিশেষ একটি দলকে সুবিধা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, আছিম পাটুলী, রাধাকানাই, ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে বিএনপির কর্মী-সমর্থকদের অহেতুক মারধর করা হয়। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থানীয় প্রশাসন সহযোগিতা করেনি বরং পক্ষপাতমূলক আচরণ করেছে। এ কারণেই ধানের শীষ প্রতীক প্রত্যাশিত ফল পায়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আছিম বাঁশদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪টার আগেই ভোটগ্রহণ সম্পন্ন করা হলেও রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়, যা নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ সময় তিনি নির্বাচনে তার পক্ষে কাজ করা দলীয় নেতাকর্মী ও ফুলবাড়িয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।