আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের ছামিয়া (৭) নামের এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬ ইং) সকাল ৮টার দিকে লোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামিয়া (৭) দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার কন্যা। পরিবার সূত্রে জানা যায়, ছামিয়া তার নানার বাড়ি লোপাড়ায় বেড়াতে গিয়েছিল। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাত বছর বয়সী এই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে, ছামিয়ার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।