ফেনী প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির চতুর্থ মেয়াদের নির্বাচন আগামী ২০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সাংবাদিক মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর এবং দৈনিক মুক্ত খবর ও ডেইলি স্টেট প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া।
সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন দৈনিক বাংলাদেশ কণ্ঠ প্রতিনিধি গাজীউল হক ও দৈনিক তরুণ কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক এবেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং রাজধানী টিভি ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আলাউদ্দিন সবুজ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি কাজী নরুল আলম নিলু এবং দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি আতিকুল রহমান রোজেন।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক এবেলা প্রতিনিধি মহিউদ্দিন মিয়াজী সেজু এবং দৈনিক গণতদন্ত প্রতিনিধি মিজানুর রহমান পলাশ।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র মজুমদার এবং দৈনিক কালের সমাজ প্রতিনিধি আবু জাফর হৃদয়।
দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় সাপ্তাহিক জনপ্রিয় প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা এবং দৈনিক সমাবেশ প্রতিনিধি ফখরুল ইসলাম।
অপরদিকে, প্রচার সম্পাদক পদে আরাফাত হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোয়াজ্জম হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ১০ জুন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন প্রার্থীদের ক্ষেত্রে কিছু সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকলেও যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৩ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সেদিন থেকেই অনলাইনে নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ধরনের ব্যানার-ফেস্টুন ছাপানো কিংবা সড়কে প্রদর্শন করা যাবে না।
আগামী ২০ জুন শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সাংবাদিকরা আগামী মেয়াদের নেতৃত্ব নির্বাচন করবেন।
বিএমইউজে ফেনী জেলা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. শেখ কামাল, নির্বাচন কমিশনার কামাল উদ্দিন ভূঁইয়া এবং আফতাব মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।